গোপালগঞ্জে হামলার শিকার চিকিৎসককে দেখতে ঢাকায় প্রধানমন্ত্রীর সহকারী চিকিৎসক

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামলার শিকার চিকিৎসক অসীম কুমার ধরকে দেখতে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামলার শিকার জরুরি বিভাগের চিকিৎসক অসীম কুমার ধরকে দেখতে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বুধবার (২৫ নভেম্বর) তিনি সেখানে গিয়ে চিকিৎসাধীন চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজ নেন।
হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে অসীম কুমারের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান বিটু। তিনি চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের প্রতি সহমর্মিতা জানান।
সাংবাদিকদের বিটু বলেন, দায়িত্ব পালনের সময় চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর ভাষ্য, চিকিৎসকেরা মানুষের জীবন রক্ষায় কাজ করেন, তাই রোগীর স্বজনদের তাঁদের সঙ্গে ধৈর্যশীল ও সহনশীল আচরণ করা উচিত।
চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সহমর্মিতা থাকলে স্বাস্থ্যসেবার পরিবেশ নিরাপদ হয় বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের ঘটনা চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং স্বাভাবিক স্বাস্থ্যসেবায় বাধা দেয় বলেও জানান বিটু। হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং বিভিন্ন হাসপাতালে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগীর স্বজনদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার শিকার হন ইমার্জেন্সি মেডিকেল অফিসার অসীম কুমার ধর। প্রত্যক্ষদর্শীদের দাবি, রোগীর স্বজনদের ছোড়া চেয়ারের আঘাতে তাঁর মাথায় চোট লাগে।
হামলার পর বুকে ব্যথা ও চাপ অনুভব করেন অসীম কুমার। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়।
সূত্র: আমার দেশ


