সড়ক নিরাপত্তায় সওজের প্রযুক্তিগত তথ্য ব্যবহার করবে হাইওয়ে পুলিশ

সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন প্রয়োগে তথ্য আদান-প্রদানের জন্য সওজ ও হাইওয়ে পুলিশ পাঁচ বছরের সমঝোতা স্মারক সই করেছে।
সড়ক নিরাপত্তা জোরদার ও ট্রাফিক আইন প্রয়োগ কার্যকর করতে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এবং বাংলাদেশ হাইওয়ে পুলিশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এই সমঝোতা কার্যকর থাকবে।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্মারকটি সই হয়। এতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি মো. সায়েদুর রহমান এবং বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান। দুই প্রতিষ্ঠানের পাশাপাশি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে ছিলেন।
চুক্তি অনুযায়ী, সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে (টিএমসি) থাকা সিসিটিভি ফুটেজ এবং অটোমেটেড নাম্বার প্লেট রিকগনিশন, স্পিড ডিটেকশন ও ওয়েট-ইন-মোশন ব্যবস্থাসহ অন্যান্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম থেকে পাওয়া তথ্য ব্যবহার করতে পারবে হাইওয়ে পুলিশ। এসব তথ্য দিয়ে অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, অননুমোদিত স্থানে গাড়ি থামানো ও লেন শৃঙ্খলা ভাঙার ঘটনা শনাক্ত করা যাবে।
সড়ক দুর্ঘটনা কমানো, যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা উন্নয়নে দুই পক্ষ তথ্য বিনিময় এবং সমন্বিত কার্যক্রম চালাবে। নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও তথ্যপ্রাপ্তি সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা চালু রাখার উদ্যোগ নেওয়া হবে।
স্মারক সইয়ের সাত কার্যদিবসের মধ্যে সওজ হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় এপিআই লিংক ও কারিগরি নির্দেশনা দেবে। হাইওয়ে পুলিশ টিএমসির ডাটাবেজ থেকে শুধু তথ্য দেখার সুযোগ পাবে; কোনো তথ্য পরিবর্তনের সুযোগ থাকবে না। তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য উভয় পক্ষকে নির্ধারিত বিধিবিধান মানতে হবে।
প্রযুক্তিনির্ভর নজরদারি ও তথ্যের ভিত্তিতে আইন প্রয়োগের মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় বাড়বে বলে আশা করছে সরকার।
সূত্র: সারাবাংলা