স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন মেহেদী হাসান পলাশ

সাংবাদিক মেহেদী হাসান পলাশকে এক বছরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সাংবাদিক, কলামিস্ট ও টক শো ব্যক্তিত্ব মেহেদী হাসান পলাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে নিয়োগ পেয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। এতে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে পলাশকে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তাঁকে অন্য পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছাড়তে হবে। নিয়োগের অন্য শর্ত চুক্তিপত্রে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মেহেদী হাসান পলাশ দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক। তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি এবং সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বেও রয়েছেন।
সূত্র: সারাবাংলা