লিবিয়া থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন

বাংলাদেশ দূতাবাস ও আইওএমের সহযোগিতায় ১৭৩ বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফেরানো হচ্ছে। তাঁদের মধ্যে ২৯ জন অসুস্থ; বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা।
লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশিকে মানবিক সহায়তায় দেশে ফেরানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে স্বেচ্ছায় ফিরতে চাওয়া এসব অভিবাসীর মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।
বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় বুরাক এয়ারের ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা। তাঁদের ৭৭ জন ত্রিপোলি থেকে এবং ৯৬ জন মিসরাতা থেকে ফিরছেন।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবাসনপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত তাঁদের দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার আহ্বান জানান। সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও প্রতিবন্ধকতা পেরিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শও দেন তিনি।
অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার পাশাপাশি মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার আহ্বান জানান রাষ্ট্রদূত।
লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে দূতাবাস কাজ করছে। এ বিষয়ে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে যোগাযোগ রাখছে দূতাবাস।
সূত্র: আমার দেশ


