তুরাগের সন্ত্রাসবিরোধী মামলায় শিপনের তিন দিনের রিমান্ড

পিয়ন জাহাঙ্গীরের ভাগনে ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপনকে তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে ৪০০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে আলোচনায় আসা পিয়ন জাহাঙ্গীরের ভাগনে শিপন। ঢাকা শহরকে অস্থিতিশীল করার ঘটনায় তাঁর ভূমিকা রয়েছে বলেও দাবি করেন তিনি।
শিপনকে গত ১২ নভেম্বর তুরাগের দিয়াবাড়ি বউবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তুরাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হক ১৬ নভেম্বর তাঁর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
বুধবার শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দেয়। শিপনের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ২১ অক্টোবর উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে জড়ো হন। পুলিশ সেখানে গেলে তাঁরা পালানোর চেষ্টা করেন; এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ অনুযায়ী, সরকারবিরোধী স্লোগান ও ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত করার পরিকল্পনা চলছিল। এ ঘটনায় তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর