সাংবাদিকতায় আসতে প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিকদের প্রশিক্ষণের আওতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। পিআইবিকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
সাংবাদিকতা পেশায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণ থাকা উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
বুধবার রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি অডিটোরিয়ামে ‘গণমাধ্যমবিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে সরকার কাউকে নিয়ন্ত্রণ করবে না; তবে সাংবাদিকতায় আসতে চাইলে প্রশিক্ষণ সম্পন্ন করে আসার আহ্বান থাকবে।
ইয়াসের খান চৌধুরী বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের আরও ব্যাপকভাবে প্রশিক্ষণের আওতায় আনতে সরকার কাজ করছে। পিআইবিকে শক্তিশালী করা এবং সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।
প্রশিক্ষণার্থীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং অর্জিত জ্ঞান ও দক্ষতা অন্যদের মধ্যে ছড়িয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে পিআইবির সনদের বিশেষ মর্যাদা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে তথ্যযুদ্ধ ও গুজব মোকাবিলায় নাগরিকদের সচেতন করার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। তাঁর অভিযোগ, প্রতিবেশী একটি দেশের গণমাধ্যম বিভ্রান্তিকর ভিডিও ও অপতথ্য ছড়িয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদনের বরাত দিয়ে ফারুক ওয়াসিফ বলেন, অপতথ্য ও গুজব ছড়ানোর ক্ষেত্রে ওই দেশটি বিশ্বে শীর্ষে রয়েছে। অপতথ্য ঠেকাতে যথাযথ যাচাই-বাছাই, সম্পাদনা এবং তথ্য ও যুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের ওপরও গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে নাজমুল হাসান, রুম্পা ফারজানা ও মো. ইব্রাহিম বক্তব্য দেন। পরে কোর্স সম্পন্নকারীদের সনদ দেওয়া হয়।
সূত্র: চ্যানেল আই অনলাইন