ব্রিটেনের ১৬–২৪ বছর বয়সীদের এক-তৃতীয়াংশের যৌনমিলনের অভিজ্ঞতা নেই

ব্রিটেনের এক গবেষণায় দেখা গেছে, ১৬ থেকে ২৪ বছর বয়সীদের প্রায় এক-তৃতীয়াংশের কখনো যৌনমিলন হয়নি। একই বয়সীদের মধ্যে পর্ন দেখা ও যৌন আবেদনময় ছবি আদান-প্রদানের হারও উল্লেখযোগ্য।
ব্রিটেনে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের প্রায় এক-তৃতীয়াংশের কখনো যৌনমিলনের অভিজ্ঞতা হয়নি। ১২ বছর আগে এ হার ছিল প্রায় এক-পঞ্চমাংশ। একই সময়ে তরুণ প্রজন্মের মধ্যে যৌনমিলনের প্রবণতা কমলেও পর্নোগ্রাফি দেখা এবং ফোনে যৌন আবেদনময় ছবি আদান-প্রদানের হার বেড়েছে।
দেশটির মানুষের যৌন আচরণ ও জীবনধারা নিয়ে ন্যাশনাল সার্ভে অব সেক্সুয়াল অ্যাটিচিউডস অ্যান্ড লাইফস্টাইলসের (ন্যাটসাল) সর্বশেষ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। এবারই প্রথম গবেষণায় অনলাইনভিত্তিক যৌন আচরণ সম্পর্কেও তথ্য নেওয়া হয়েছে। ফলাফল প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এ।
সমীক্ষায় অংশ নেওয়া ১৬ থেকে ২৪ বছর বয়সীদের অর্ধেক জানিয়েছেন, গত এক বছরে তাঁরা ফোনে যৌন আবেদনময় ছবি পাঠিয়েছেন বা পেয়েছেন। এই বয়সী নারীদের অর্ধেক এবং পুরুষদের ৮৬ শতাংশ পর্নোগ্রাফি দেখেছেন। সব বয়স মিলিয়ে গত এক বছরে পর্ন দেখেছেন ৩৭ শতাংশ নারী ও ৮১ শতাংশ পুরুষ।
গবেষণায় ৪৫ বছরের কম বয়সীদের যৌনমিলনের হার কমার তথ্যও পাওয়া গেছে। এ বয়সীরা এখন গড়ে মাসে দুবার যৌনমিলনে লিপ্ত হন; ১৯৯০ সালে গড় হার ছিল সপ্তাহে একবার। যৌনমিলনে অভ্যস্ত নারীদের গড় হার মাসে একবার, পুরুষদের দুবার।
যাঁদের কখনো যৌনমিলনের অভিজ্ঞতা হয়নি, তাঁদের মধ্যে পর্ন দেখা ও হস্তমৈথুনের প্রবণতা তুলনামূলক কম। তবে অনলাইনের যৌন আচরণ সরাসরি যৌনমিলনের বিকল্প হয়ে উঠছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত তথ্য নেই বলে মনে করেন গবেষকেরা।
গবেষণার অন্যতম গবেষক ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সোয়াজিগ ক্লিফটন বলেন, ২০২২ থেকে ২০২৪ সালে তথ্য সংগ্রহের সময় এআইভিত্তিক প্রেমের চ্যাটবট বা ভার্চ্যুয়াল সম্পর্কের বিষয়টি বিজ্ঞান কল্পকাহিনির মতো মনে হয়েছিল। ভবিষ্যতে মানুষের যৌন আচরণ ও সম্পর্কে এআইয়ের প্রভাবও গবেষণায় বিবেচনা করতে হতে পারে।
গবেষকদের মতে, তরুণদের যৌনমিলন কমার পেছনে শুধু স্ক্রিনে বেশি সময় কাটানো দায়ী নয়। মদ্যপান কমে যাওয়া, মা-বাবার সঙ্গে থাকা, মানসিক স্বাস্থ্য সমস্যা ও কোভিড মহামারির প্রভাবও থাকতে পারে। সম্মতি নিয়ে খোলামেলা আলোচনার কারণে তরুণেরা কখন বা আদৌ যৌনমিলনে যাবেন কি না, সে বিষয়ে নিজেদের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেও তাঁদের ধারণা।
অতীত যৌন অভিজ্ঞতায় অন্যদের আচরণের কারণে ১৪ শতাংশ নারী এখনো মানসিক অস্বস্তিতে ভোগেন। একই হারে পুরুষ নিজেদের কিছু যৌন চিন্তা ও আকাঙ্ক্ষা নিয়ে লজ্জা অনুভব করেন। অনিরাপদ যৌনমিলন ও যৌনবাহিত সংক্রমণের ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে। তরুণীদের মধ্যে জন্মনিয়ন্ত্রণ বড়ির ব্যবহার কমেছে। ১৬ থেকে ৪৪ বছর বয়সী নারীদের সন্তান না চাওয়ার হার এক দশকে ৮ শতাংশ থেকে বেড়ে ১৭ শতাংশ হয়েছে।
৬ হাজার ৭০০ জনের ওপর করা গবেষণায় আরও দেখা গেছে, ব্রিটেনের প্রাপ্তবয়স্কদের তিন-চতুর্থাংশ গত এক বছরে যৌনমিলনে লিপ্ত হয়েছেন। তাঁদের জীবদ্দশায় যৌনসঙ্গীর গড় সংখ্যা পাঁচ। গবেষক লরা ওকলির মতে, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু নিয়ে উদ্বেগ কিংবা জীবনের অগ্রাধিকারে পরিবর্তন সন্তান না চাওয়ার প্রবণতাকে প্রভাবিত করছে কি না, তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
সূত্র: আজকের পত্রিকা


