বুধের কক্ষপথে বেপিকলম্বো, খুঁজবে বরফ ও রহস্যময় গহ্বরের তথ্য

আট বছরের যাত্রা শেষে বুধের কক্ষপথে পৌঁছেছে ইউরোপীয় ও জাপানি মহাকাশ সংস্থার যৌথ অভিযান বেপিকলম্বো। গ্রহটির গর্তে বরফ থাকার কারণসহ নানা রহস্য অনুসন্ধান করবে এটি।
প্রায় ৬০০ কোটি মাইল বা ১ হাজার কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে বুধের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান বেপিকলম্বো। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) ও জাপানের মহাকাশ সংস্থা জেএএক্সএর যৌথ অভিযানের যানটি এখন গ্রহটির চারপাশে ঘুরছে।
সূর্যের এত কাছে থাকা সত্ত্বেও বুধের গর্তে বরফ কীভাবে টিকে আছে, তা অনুসন্ধানের পাশাপাশি পৃষ্ঠের রহস্যময় গহ্বরগুলোর তথ্য সংগ্রহ করবে বেপিকলম্বো। বিজ্ঞানীদের তথ্যমতে, গ্রহটির তাপমাত্রা সর্বোচ্চ ৪৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। তীব্র সৌর বিকিরণের কারণে এখন পর্যন্ত বুধ নিয়ে অনুসন্ধান সীমিত।
লেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক এমা বান্স বলেন, বুধের গঠন ও বিবর্তন এবং বর্তমানে গ্রহটি কেমন, তা জানা বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ। সূর্যের সঙ্গে এর মিথস্ক্রিয়া এবং চরম মহাকাশ আবহাওয়ার প্রভাব বোঝাও জরুরি।
২০১৮ সালে ফ্রেঞ্চ গায়ানা থেকে যাত্রা শুরু করে বেপিকলম্বো। সৌরজগতের গভীরে যাওয়ার পথে সূর্যের প্রবল মহাকর্ষীয় টান মোকাবিলা করতে হয়েছে যানটিকে। এ সময় এটি পৃথিবীকে একবার, শুক্রকে দুবার এবং বুধকে ছয়বার প্রদক্ষিণ করে। সাত বছরে পৌঁছানোর পরিকল্পনা থাকলেও প্রপালশন সিস্টেমের সমস্যায় সময় লেগেছে এক বছর বেশি।
এখন পর্যন্ত তিনটি মহাকাশযান বুধের কাছাকাছি গেছে। ১৯৭০-এর দশকে মেরিনার-১০ তিনবার গ্রহটির পাশ দিয়ে উড়ে যায়। পরে ২০১১ সালে মেসেঞ্জার বুধের কক্ষপথে পৌঁছায়।
চাঁদের চেয়ে সামান্য বড় বুধে প্রাচীন আগ্নেয়গিরি, উঁচু খাড়া পাহাড় ও বিশাল গর্ত রয়েছে। সূর্যকে প্রদক্ষিণ করতে গ্রহটির সময় লাগে পৃথিবীর হিসাবে ৮৮ দিন, আর নিজ অক্ষে একবার ঘুরতে লাগে ৫৯ দিন। গ্রহজুড়ে থাকা হাজারো গহ্বর অগভীর হলেও সেগুলোর কিনারা খাড়া; অনেকগুলো আবার গুচ্ছাকারে রয়েছে।
সূত্র: প্রথম আলো


