বাংলাদেশসহ ১৪ বাণিজ্যিক অংশীদারের পণ্যে শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

অতিরিক্ত উৎপাদন সক্ষমতার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত করার অভিযোগে বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন।
বাংলাদেশসহ ১৪টি বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করে বিশ্ববাজারে পণ্য সরবরাহের মাধ্যমে এসব দেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ক্ষতি করছে—এমন অভিযোগে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) জানিয়েছে, প্রস্তাবিত তালিকায় রয়েছে চীন, বাংলাদেশ, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
তালিকার দেশগুলোর মধ্যে চীনের ওপর সবচেয়ে বেশি শুল্ক বসতে পারে। বিশ্ববাজারে কম দামে অতিরিক্ত পণ্য রপ্তানির জন্য চীনকে সবচেয়ে বেশি দায়ী করছে ওয়াশিংটন। কোন দেশের পণ্যে কত হারে শুল্ক আরোপ করা হবে, তা বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানোর কথা।
১৬টি বাণিজ্যিক অংশীদারকে নিয়ে আট মাসের তদন্তের পর ইউএসটিআর শুল্কের প্রস্তাব দিয়েছে। তদন্তের আওতায় থাকলেও মেক্সিকো ও নরওয়েকে আপাতত প্রস্তাবিত তালিকায় রাখা হয়নি।
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট দেশগুলো বিভিন্ন নীতি, কর্মকাণ্ড ও চর্চার মাধ্যমে শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা গড়ে তুলছে এবং ধরে রাখছে। ওয়াশিংটনের মতে, এতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইউএসটিআরের ব্যাখ্যায়, বাজারের চাহিদা ও বাস্তবতার সঙ্গে মিল না রেখে উৎপাদন সক্ষমতা বাড়ানোকে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বলা হয়। শিল্পনীতি, ভর্তুকি এবং বাজারভিত্তিক নয়—এমন অর্থনীতি থেকে আমদানি করা উপকরণ ব্যবহারের মাধ্যমেও এ পরিস্থিতি তৈরি হয় বলে দপ্তরটির দাবি।
সূত্র: আমার দেশ


