বাংলাদেশের ৪০ কিশোরকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ

বাফুফে ভবনের পাশের মাঠে ৪০ কিশোরকে আর্জেন্টিনার প্রশিক্ষণপদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে এএফএ ইন্টারন্যাশনালের প্রতিনিধিদল। বাংলাদেশে ফুটবল একাডেমি গড়ার আগ্রহও জানিয়েছে আর্জেন্টিনা।
বাংলাদেশের ৪০ কিশোর ফুটবলার আর্জেন্টিনার প্রশিক্ষণপদ্ধতি জানার সুযোগ পেয়েছে। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের পাশের অ্যাস্ট্রো টার্ফ মাঠে ‘ইয়ুথ ফুটবল ক্লিনিক-২০২৬’ আয়োজন করা হয়।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এএফএ ইন্টারন্যাশনালের প্রতিনিধিদল ক্লিনিকটি তত্ত্বাবধান করে। ৯০ মিনিটের প্রশিক্ষণ সেশনে কিশোরদের সঙ্গে বাফুফের কোচিং স্টাফরাও অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)। বাফুফে নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাস রুপু, ইমতিয়াজ হামিদ (সবুজ) ও শাখাওয়াত হোসেন ভূঁইয়া (শাহীন)ও অনুষ্ঠানে ছিলেন।
আর্জেন্টিনার প্রতিনিধিদলে ছিলেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের কমার্শিয়াল ডিরেক্টর মার্টিন তুলা এবং স্পোর্টস ম্যানেজার আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো। বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে আর্জেন্টিনা। দেশটি বাংলাদেশে একটি ফুটবল একাডেমি গড়তে চায়।
সূত্র: আমার দেশ


