‘জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই’: চিফ প্রসিকিউটর

শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে বৃহস্পতিবার।
আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক হয়েছে। বুধবার রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
যুক্তিতর্ক শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত হন। কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সরকারের প্রশ্রয়ে এ ধরনের অপরাধ হয়েছে এবং মানুষের জানমাল অপরাধীদের হাতে জিম্মি ছিল। তিনি বলেন, জিয়াউল আহসানকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। তাঁর ভাষ্য, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করেছিলেন, যার কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না।
ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর বলেন, অপরাধ প্রমাণিত হলে একজনের মৃত্যুদণ্ড হতে পারে। জিয়াউল আহসানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে দুনিয়া থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করার কথাই তিনি বোঝাতে চেয়েছেন। তিনি বলেন, ‘হি শুড বি পারসোনা নন-গ্রাটা ফ্রম দ্য ওয়ার্ল্ড’; অর্থাৎ এ ধরনের মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই।
সূত্র: আজকের পত্রিকা


