যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

শার্শার নিজামপুর এলাকা থেকে মঙ্গলবার বিকেলে সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিনি সন্দেহভাজন আসামি।
যশোরের শার্শা উপজেলায় নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম রেজা বিপুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার নিজামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানান শার্শা থানার ওসি মো. শামিনুল হক।
৪৮ বছর বয়সী বিপুল কেরালখালী (উত্তরপাড়া) গ্রামের প্রয়াত সাবেক চেয়ারম্যান শামসুর রহমানের ছেলে। তিনি শার্শা উপজেলা যুবলীগের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ওসি শামিনুল হক বলেন, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় করা একটি নিয়মিত মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে বিপুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর


