মিরপুর-১০ ফুটপাত থেকে হকার উচ্ছেদ, অভিযান চালাল ডিএনসিসি

মিরপুর-১০ নম্বরের ফুটপাত দখলমুক্ত করতে বুধবার অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। পথচারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক।
রাজধানীর মিরপুর-১০ নম্বরের ফুটপাত থেকে হকারদের সরিয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার বিকেল ৩টায় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি।
পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে মিরপুরের ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগ চলবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক। তিনি বলেন, এ বিষয়ে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ২০ অক্টোবর মিরপুর-১০ নম্বরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছিল। তবে গত কয়েক দিনে হকাররা আবার সেখানে বসতে শুরু করলে বুধবার নতুন করে উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি।
অভিযানের সময় মিরপুর-১০ নম্বরের ফুটওভারব্রিজের সংস্কারকাজও পরিদর্শন করেন প্রশাসক। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।
সূত্র: একুশে টেলিভিশন