ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় দুজন আটক

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপের মামলায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁদের একজন বইয়ের দোকানের মালিক, অন্যজন রেলস্টেশনের চা বিক্রেতা।
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের একজন বইয়ের ব্যবসায়ী, অন্যজন ফুলবাড়ী রেলস্টেশনের চা বিক্রেতা। মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সুজাপুর প্রফেসরপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাক (৪৮) এবং বারকোনা (স্টেশনপাড়া) এলাকার মো. জাহাঙ্গীর আলম (৬৩)। রাজ্জাক স্থানীয় কিশোর লাইব্রেরির মালিক। বুধবার বিকেলে তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
ওসি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী রাজ্জাক ও জাহাঙ্গীর আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ককটেল হামলার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁদের আটক করা হয়েছে। পরে তাঁদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হলে তৎকালীন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম ও যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন আহত হন।
ওই ঘটনার দুই দিন পর, ৬ ফেব্রুয়ারি, শাহেদ ইসলাম ফুলবাড়ী থানায় মামলা করেন। বিস্ফোরক আইনে করা মামলায় ৫৮ জনের নাম উল্লেখ করা হয়; অজ্ঞাতনামা আসামি রাখা হয় আরও ১০০ থেকে ১৫০ জনকে।
সূত্র: আজকের পত্রিকা


