হাসিনার ফেরার বিকল্প পথ খুঁজতে ত্রিপুরা সীমান্তে আ.লীগ নেতারা

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাব্য পথ পর্যালোচনায় আওয়ামী লীগের নেতারা আগরতলা-আখাউড়া সীমান্ত পরিদর্শন করেছেন। এর আগে তাঁরা পেট্রাপোল সীমান্তেও গিয়েছিলেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাব্য পথ খতিয়ে দেখতে ত্রিপুরা সফর করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। সফরে তাঁরা আগরতলা-আখাউড়া সীমান্ত পরিদর্শন করেন। ভারতের অংশে স্থলবন্দরটির নাম আগরতলা, বাংলাদেশে এটি আখাউড়া স্থলবন্দর হিসেবে পরিচিত।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর পর্যন্ত নেতারা বিমানে আগরতলায় পৌঁছান। ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের একটি প্রতিনিধিদল সীমান্ত পারাপারসহ বাংলাদেশে ফেরার সম্ভাব্য বিকল্প পথগুলো পর্যালোচনা করছে বলে জানা গেছে।
এর আগে ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে যান আওয়ামী লীগের শীর্ষস্থানীয় চার নেতা। বাংলাদেশের দিকে এই সীমান্তের নাম বেনাপোল। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তাদের সঙ্গে তাঁদের প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক হয়।
ওই প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তাঁরা সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন থেকে রওনা হয়ে দুপুর ২টার দিকে দুটি গাড়িতে পেট্রাপোলের ইমিগ্রেশন এলাকায় পৌঁছান। বিকেল ৩টা ৫০ মিনিটে সেখান থেকে কলকাতার উদ্দেশে রওনা হন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি ত্রিপুরা হয়ে বাংলাদেশে প্রবেশের বিকল্প পথ এবং আগরতলা-আখাউড়া সীমান্ত পারাপারের সম্ভাবনা পর্যালোচনা করতে পারে। মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্তে যাওয়ার পথও তাঁরা যাচাই করবেন।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাহাঙ্গীর কবির নানকের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। একই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পৃথক মামলায় বাহাউদ্দিন নাছিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সূত্র: ভোরের কাগজ


