ঢাকায় আ.লীগের বৈঠক থেকে ২০–২২ জনকে পুলিশের হাতে দিলেন যুবদল নেতা

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে ২০–২২ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারীরা।
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি গোপন বৈঠক থেকে ২০ থেকে ২২ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে একটি ভবনে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী বৈঠকে বসেন। তাঁদের মধ্যে গোপালগঞ্জ থেকে আসা কয়েকজনের পাশাপাশি রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বনানী থানা শ্রমিক লীগের সভাপতিও ছিলেন। বৈঠকের খবর পেয়ে নয়ন আগেই প্রশাসনকে জানান এবং পরে অনুসারীদের নিয়ে ভবনটি ঘিরে ফেলেন।
এ সময় কয়েকজন ভবনের পেছনের জানালা কেটে মই দিয়ে এবং দোতলা থেকে লাফিয়ে পালিয়ে যান। নারী নেত্রীসহ অন্তত ২০ থেকে ২২ জনকে আটকে রাখা হয়। পুলিশ পৌঁছালে তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আটক ব্যক্তিদের মোবাইল ফোন, মানিব্যাগ ও পাসপোর্টও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাংবাদিকদের নয়ন বলেন, ডিসেম্বর মাসকে ঘিরে নাশকতা ও অরাজকতা তৈরির পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈঠকে বসেছিলেন। ভবনের ভেতর থেকে বিস্ফোরক দ্রব্য ও অবৈধ সামগ্রী পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি; সেগুলো পুলিশের কাছে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক ব্যক্তিদের হেফাজতে নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আমার দেশ
সম্পর্কিত আরও খবর

‘হাসিনা ফিরবেন না’, আবার বিচারের রায় কার্যকরে ফেরানোর আহ্বান জামায়াত নেতার

হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের পর ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অনিশ্চয়তা
