অস্ট্রেলিয়া সফর সফল ও ফলপ্রসূ হয়েছে: জামায়াত

পাঁচ দিনের অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার সকালে ঢাকায় ফিরেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। দলটির দাবি, সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর সফল ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে দলটি। পাঁচ দিনের সফর শেষে বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছান তিনি।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ২০ থেকে ২৪ নভেম্বর অস্ট্রেলিয়ায় অবস্থানকালে শফিকুর রহমান নির্ধারিত সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীরা বিরোধীদলীয় নেতাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। শফিকুর রহমান তাঁদের বক্তব্য শোনেন এবং দেশের উন্নয়নে সহযোগিতা চান।
শফিকুর রহমানের সফর বাধাগ্রস্ত করতে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন দেশটির সরকারের কাছে বিবৃতি দিয়েছিল বলে দাবি করেছে জামায়াত। মিয়া গোলাম পরওয়ার বলেন, অস্ট্রেলিয়ায় থাকা বিগত সরকারের সমর্থকদের পরোক্ষ ইন্ধনে সংগঠন দুটি তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালায়। দলটির দাবি, অস্ট্রেলিয়া সরকার বিবৃতিগুলোকে গুরুত্ব দেয়নি।
অস্ট্রেলিয়া সফর শেষে শফিকুর রহমানের মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “এখনো কোনো শিডিউল (সংলাপের) হয়নি।”
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর


