পাবলিক ওয়াইফাইয়ে তথ্য সুরক্ষায় যে সতর্কতাগুলো জরুরি

ভুয়া হটস্পট ও অনিরাপদ সংযোগে ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি থাকে। বিশেষজ্ঞদের পরামর্শ, নেটওয়ার্কের নাম যাচাই করে সংযুক্ত হতে হবে এবং আর্থিক লেনদেনে মোবাইল ডেটা ব্যবহার করতে হবে।
বিমানবন্দর, স্টেশন বা ক্যাফের বিনা মূল্যের ওয়াইফাই সুবিধাজনক হলেও এতে যুক্ত হওয়ার আগে সতর্ক থাকা দরকার। দুর্বল নিরাপত্তার নেটওয়ার্ক বা আসল সংযোগের মতো দেখতে ভুয়া হটস্পটের মাধ্যমে পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য এবং ব্যাংকিংয়ের তথ্য চুরি হতে পারে।
কুইক হিল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা হরিশ কুমার বলেন, উন্মুক্ত ওয়াইফাইয়ের ঝুঁকি অনেক ব্যবহারকারী গুরুত্ব দেন না। তাঁর পরামর্শ, প্রতিষ্ঠানের কর্মীদের কাছে নেটওয়ার্কের সঠিক নাম জেনে তারপর সংযুক্ত হতে হবে। পাবলিক ওয়াইফাইয়ে থাকা অবস্থায় ব্যাংকিং লেনদেন বা সংবেদনশীল তথ্য আদান-প্রদান এড়িয়ে চলতে হবে।
এমফিল্টারইটের বিজনেস ইউনিট প্রধান বরুণ গ্রোভার বলেন, ভুয়া হটস্পট ও এনক্রিপশনবিহীন সংযোগ কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা পাসওয়ার্ড, ব্যাংক কার্ডের তথ্যসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে। পরে এসব তথ্য পরিচয় চুরি, আর্থিক প্রতারণা বা অনলাইন অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশে ব্যবহৃত হতে পারে।
ডেলকম টেলিসিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক রবীন্দ্র সিংয়ের মতে, সাধারণ ব্রাউজিংয়ে পাবলিক ওয়াইফাই ব্যবহার করা গেলেও অনলাইন ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, আর্থিক নথি, ব্যবসায়িক দলিল বা গুরুত্বপূর্ণ ই-মেইলের জন্য এটি এড়িয়ে চলা উচিত। এসব কাজে মোবাইল ডেটা বা ব্যক্তিগত হটস্পট ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। তবে তাঁর মতে, সব পাবলিক ওয়াইফাই বিপজ্জনক নয়; নেটওয়ার্কের সত্যতা যাচাই না করাই বড় ঝুঁকি।
নিরাপদ ব্যবহারে করণীয়
ওয়াইফাইয়ের নাম দেখে নিশ্চিত না হয়ে সংযোগ নেওয়া উচিত নয়। হোটেল, ক্যাফে বা বিমানবন্দরের কর্মীদের কাছ থেকে অনুমোদিত নেটওয়ার্কের নাম জেনে নিতে হবে। পাবলিক ওয়াইফাইয়ে ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট বা কার্ডের তথ্য দেওয়া থেকে বিরত থেকে এসব কাজে মোবাইল ডেটা ব্যবহার করা ভালো।
বিশেষজ্ঞদের পরামর্শ, নির্ভরযোগ্য ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেট যোগাযোগ এনক্রিপ্ট হয়, তবে এটি সব ধরনের সাইবার প্রতারণা ঠেকাতে পারে না। ফোন বা ল্যাপটপে স্বয়ংক্রিয় ওয়াইফাই সংযোগ বন্ধ রাখা, অপারেটিং সিস্টেম ও নিরাপত্তা সফটওয়্যার হালনাগাদ করা এবং অনলাইন অ্যাকাউন্টে দ্বিস্তরীয় পরিচয় যাচাই চালু রাখাও সুরক্ষায় সহায়ক।
কাজ শেষে অ্যাকাউন্ট থেকে লগআউট করে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। বিশেষ করে অন্যের বা সর্বসাধারণের ব্যবহারের ডিভাইসে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা রাখা উচিত নয়।
সূত্র: চ্যানেল আই অনলাইন


