এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা চান ইউজিসি চেয়ারম্যান

পাঁচ বছরে অর্থনীতির আকার এক ট্রিলিয়ন ডলারে নিতে মানসম্মত শিক্ষা, গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ।
দেশের অর্থনীতির বর্তমান প্রায় ৫০০ বিলিয়ন ডলারের আকার পাঁচ বছরে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করা এবং এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান তৈরির লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
বুধবার খুলনা বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু সনদ দেওয়া নয়; শিক্ষার মান, গবেষণা ও দক্ষতা উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উদ্যোক্তা, উদ্ভাবক ও কর্মসংস্থান সৃষ্টিকারী হওয়ার পরিবেশ তৈরির কথা বলেন তিনি।
গবেষণাকে দেশের বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানোর ওপর জোর দেন ইউজিসি চেয়ারম্যান। শিল্প, কৃষি, মৎস্য, গৃহস্থালি ও প্রত্যন্ত অঞ্চলের সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যৌথ গবেষণার উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান তিনি। গবেষণা প্রস্তাব জমা দিলে ইউজিসি ও সরকার অর্থায়ন করবে বলেও জানান।
খুলনা অঞ্চলের সুন্দরবন, কৃষি, মৎস্য ও চিংড়ি চাষের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগানোর কথা বলেন মামুন আহমেদ। মোংলা বন্দর ও বন্দর ব্যবস্থাপনার সমস্যা সমাধানেও বিশ্ববিদ্যালয়ের ভূমিকা থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি। এ জন্য শিল্পপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও স্থানীয় সমাজের সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ অনুমোদন পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্য ক্যাম্পাসে উপকূলীয় অঞ্চলসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে একটি স্কুল এবং সমুদ্রবিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগেও সম্মতি দেওয়া হয়েছে। এসব একাডেমিক ইউনিট পরিচালনায় প্রয়োজনীয় জনবল ও অর্থসহায়তা যথাসময়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। শিক্ষার্থীদের ক্লাব কার্যক্রম সক্রিয় করতেও ইউজিসি বিশেষ বরাদ্দ দেবে বলে জানান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশিদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. খুরশিদ আলম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাহউদ্দিনও বক্তব্য দেন।
এর আগে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ক্লাব ও সংগঠনগুলোকে সম্মাননা দেওয়া হয়।
সূত্র: আমার দেশ