জবির ভর্তি আবেদন শুরু, চলবে ১০ ডিসেম্বর রাত পর্যন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাঁচটি ইউনিটে ভর্তি কার্যক্রম হবে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’, কলা ও আইন অনুষদের ‘বি’, বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’, সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ এবং চারুকলা অনুষদের ‘ই’ ইউনিটে আবেদন করা যাবে।
আবেদনকারীদের ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ‘এ’ ইউনিটে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.০০ এবং কোনো একটিতে ৩.০০-এর কম না থাকা দরকার। ‘বি’ ও ‘ডি’ ইউনিটে মোট জিপিএ কমপক্ষে ৬.০০ এবং প্রতিটিতে অন্তত ২.৭৫; ‘সি’ ইউনিটে মোট ৬.৫০ ও প্রতিটিতে ৩.০০; ‘ই’ ইউনিটে মোট ৫.৫০ ও প্রতিটিতে ২.৫০ থাকতে হবে।
‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে আবেদন ফি ১ হাজার ২০০ টাকা। ‘ই’ ইউনিটের ফি ১ হাজার ৫০০ টাকা। এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে আবেদন করতে পারবেন। তবে পরে সংশ্লিষ্ট ইউনিটের যোগ্যতা পূরণ করতে না পারলে আবেদন বাতিল হবে।
ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে। সূচি অনুযায়ী, ১ জানুয়ারি ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সূত্র: আমার দেশ


