বৈষম্য ও হয়রানিমুক্ত ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা চান ঢাবি উপাচার্য

ঢাবি উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, ক্যাম্পাসে এমন পরিবেশ গড়তে হবে, যেখানে শিক্ষার্থীরা নির্ভয়ে মত প্রকাশ করতে পারবেন এবং বৈষম্য, হয়রানি বা সহিংসতার শিকার হবেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য, হয়রানি ও সহিংসতামুক্ত পরিবেশ তৈরিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবার সহযোগিতা চেয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ক্যাম্পাসে পারস্পরিক শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা নির্ভয়ে মতামত জানাতে পারেন।
বুধবার (২৫ নভেম্বর) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাবির উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ আয়োজনে ‘রিসপেক্ট অ্যান্ড রেসপনসিবিলিটি: স্টুডেন্ট-লেড সলিউশন্স ফর সেইফার অ্যান্ড ভায়োলেন্স-ফ্রি ক্যাম্পাসেস’ শীর্ষক অনুষ্ঠানটি হয়।
উপাচার্য বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি মোকাবিলায় সম্ভাব্য সমাধান খুঁজতে হবে এবং এ কাজে তরুণদের কার্যকর ভূমিকা প্রয়োজন। যৌন হয়রানির অভিযোগ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় অভিযোগ সেল রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজী। সম্মানিত অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ মাহিন নেওয়াজ চৌধুরী।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের অংশ হিসেবে এ আলোচনা হয়। প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের আইডিয়া প্রতিযোগিতায় জমা পড়া ৪৭টি প্রস্তাবের মধ্যে ১১টি পুরস্কার পেয়েছে।
সূত্র: ক্যাম্পাস টাইমস


