পায়রা নদীর ভাঙনে ঝুঁকিতে তেঁতুলবাড়িয়া, স্থায়ী বাঁধ চান বাসিন্দারা

বরগুনার তালতলীতে পায়রা নদীর ভাঙনে তেঁতুলবাড়িয়ার বাঁধের বিভিন্ন অংশ ধসে পড়েছে। স্থানীয়দের দাবি, অস্থায়ী মেরামতের বদলে টেকসই বাঁধ নির্মাণ করা হোক।
বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় পায়রা নদীর তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে তলদেশে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে সংস্কার ও বালুভর্তি জিও ব্যাগ ফেলা হলেও প্রবল স্রোতে সেগুলো টিকছে না।
সংস্কারের অল্প সময়ের মধ্যেই বাঁধের কয়েকটি অংশ ধসে পড়েছে, কোথাও তৈরি হয়েছে বড় ফাটল। এতে বসতভিটা, ফসলি জমি ও জনপদ নিয়ে উদ্বেগে আছেন স্থানীয়রা। তাঁদের দাবি, বারবার অস্থায়ী মেরামত না করে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হোক।
তেঁতুলবাড়িয়ার বাসিন্দা আকবর হোসেন বলেন, “যখন বেড়িবাঁধের কাজ করা হয়েছিল, তখন নদী অনেক দূরে ছিল। পরে ভাঙতে ভাঙতে নদী কাছে চলে এসেছে। এখন বাঁধও ভেঙে যাচ্ছে। এ অবস্থায় আমরা কী করব, বুঝতে পারছি না।”
স্থানীয় বাসিন্দা জয়নাল হাওলাদার বলেন, “এক সময় এই বাঁধ নদীর মধ্যে ছিল, এখানে মানুষের বসতি ছিল। এখন কিছুই নাই। বাঁধ ভাঙতে ভাঙতে ঘরবাড়ি তো গেলই, এখন গ্রামটাও বিলীনের পথে। এরকম চলতে থাকলে এই গ্রাম আর বেশিদিন থাকবে না।” তাঁর অভিযোগ, জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ করা হলেও নদীর প্রবল স্রোতে তা আবার ভেঙে যায়।
পরিবেশ বিশেষজ্ঞ ও উন্নয়নকর্মী আরিফ রহমান বলেন, ভাঙনস্থল থেকে কিছু দূরেই বঙ্গোপসাগরের মোহনা। ভৌগোলিক অবস্থান ও নদীর গতিপ্রকৃতির কারণে সেখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, ফলে এলাকাটি বারবার ভাঙনের মুখে পড়ছে। তাঁর মতে, স্থায়ী সমাধানে বড় প্রকল্পের আওতায় টেকসই বাঁধ নির্মাণ প্রয়োজন।
ঠিকাদারি প্রতিষ্ঠান আর এস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. রাসেল বলেন, তাঁদের কাজে গাফিলতি ছিল না এবং দাপ্তরিক নকশা অনুযায়ী কাজ করা হয়েছে। নদীর তলদেশে ভাঙনের কারণে বেড়িবাঁধ টিকিয়ে রাখা কঠিন বলে উল্লেখ করে তিনি স্থায়ী বাঁধের প্রয়োজনীয়তার কথা বলেন।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, কাজের সময় বেড়িবাঁধ থেকে নদী বেশ দূরে ছিল। সামুদ্রিক নিম্নচাপের সময় উত্তাল ঢেউয়ে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়া ঠেকাতে এর ঢাল জিও ব্যাগ দিয়ে আচ্ছাদিত করা হয়েছিল।
হান্নান প্রধান জানান, বর্তমানে ওই স্থানে নদীর তলদেশে ভাঙন শুরু হয়েছে। তা ঠেকাতে নদীতে জিও ব্যাগ ও ব্লক ফেলা দরকার, তবে এ মুহূর্তে প্রয়োজনীয় বাজেট নেই। এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর


