পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল

সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁসহ বিভিন্ন স্থানে পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সাত জেলার পুলিশ সুপারসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল করেছে সরকার। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বাসার মোহাম্মদ জাকির হোসেনকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তাঁর স্থলে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকেও টুরিস্ট পুলিশে পাঠানো হয়েছে। ওই জেলার নতুন পুলিশ সুপার হয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হারুন অর রশিদ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে। খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হবেন এপিবিএনের খান মুহাম্মদ আবু নাসের।
ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। ফেনীতে তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। গাইবান্ধার নতুন পুলিশ সুপার হচ্ছেন ঢাকার স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ কার্যালয়ে বদলি করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মহানগর পুলিশে পাঠানো হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম যাচ্ছেন পিবিআইতে। নওগাঁর নতুন পুলিশ সুপার হয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার ছুফি উল্লাহ।
এর আগের দিন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমানসহ পুলিশের আরও ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর