ছাত্র ও যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সেলিম উদ্দিনের

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বুধবার জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ছাত্র ও যুব দায়িত্বশীলদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সেলিম উদ্দিন বলেন, গণঅভ্যুত্থানে ছাত্রসমাজের সাহসী ভূমিকা দেশের মানুষ মনে রাখবে। পরিবর্তন ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শিক্ষার্থীদের অবদান গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। অতীতে ইসলামী ছাত্রশিবিরের সদস্যরা প্রতিকূলতার মধ্যেও ত্যাগ ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করে ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন নগরীকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব করে গড়তে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দেন। নাগরিকদের কাছে দ্রুত সেবা পৌঁছাতে প্রযুক্তি ও অ্যাপভিত্তিক ব্যবস্থার প্রসার প্রয়োজন বলে জানান তিনি।
নগরবাসীর প্রয়োজনীয় সেবা সহজলভ্য করতে ‘সার্ভিস নিন’ অ্যাপ ব্যবহারের পরিকল্পনার কথাও তুলে ধরেন সেলিম উদ্দিন। অ্যাপটির সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ছাত্র ও যুবসমাজকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় ছাত্র ও যুব দায়িত্বশীলদের বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
সূত্র: আমার দেশ