পুরান ঢাকায় যুবদলের মিছিল, আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে পুরান ঢাকায় মিছিল করেছে যুবদল। আয়োজকদের দাবি, এতে সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বুধবার বিকেলে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে কর্মসূচিটি হয়।
বাহাদুর শাহ পার্কের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি আদালত এলাকা ও রায়সাহেব বাজার মোড় ঘুরে তাঁতীবাজার মোড় অতিক্রম করে ধোলাইখাল যায়। পরে রায়সাহেব বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
মিছিলে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ এবং বিভিন্ন থানার নেতা-কর্মীরা অংশ নেন। তাঁরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কথিত নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে স্লোগান দেন।
সমাবেশে আসাদুজ্জামান আসলাম বলেন, আওয়ামী লীগের যেকোনো অরাজকতা, নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা যুবসমাজ ও সাধারণ মানুষ মেনে নেবে না। শান্তি ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টা ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান আসলাম। জননিরাপত্তা রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর ভূমিকার প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
দেশে শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সচেতন নাগরিক, যুবসমাজ ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আয়োজকদের পক্ষ থেকে সমাবেশে সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে জানানো হয়।
সূত্র: আমার দেশ