এলাকার উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজের অঙ্গীকার প্রতিমন্ত্রী হাবিবের

ঢাকার ৭৫ নম্বর ওয়ার্ডে সড়ক ও নর্দমা উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এলাকার উন্নয়ন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।
জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাঁদের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত ৭০ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডের মানুষের দুর্ভোগ কমাতে কাজ চালিয়ে যেতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৬-এর ৭৫ নম্বর ওয়ার্ডে গৌড়নগর নাজিমউদ্দিন মার্কেট থেকে ১৬১/৫ নম্বর হোল্ডিং পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ বলেন, ৭০ থেকে ৭৫ নম্বর ওয়ার্ড আগে ইউনিয়ন ছিল। পরে সিটি করপোরেশনের আওতায় এলেও এসব এলাকার বাসিন্দারা দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। এলাকার সমস্যা ও দাবিগুলো সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে তুলে ধরতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
উন্নয়নকাজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। প্রশাসক আবদুস সালামের প্রশংসা করে তিনি বলেন, এলাকার উন্নয়নের বিষয়ে সালাম তাঁকে একাধিকবার জানিয়েছেন এবং বাসিন্দাদের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছেন। বাকি কাজগুলো শেষ হলে মানুষের প্রত্যাশা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
রাস্তা উন্নয়নে বাসিন্দাদের সহযোগিতা চেয়ে হাবিবুর রশিদ বলেন, ২০ ফুট প্রশস্ত রাস্তা করতে হলে দুই পাশের বাসিন্দাদের জায়গা ছাড়তে হবে। সরকারি খাসজমি দখল না করে উন্নয়নকাজে ব্যবহারের জন্য সেগুলো চিহ্নিত করে দেওয়ার আহ্বান জানান তিনি। ব্যক্তিগত জমির মধ্য দিয়ে রাস্তা করতে হলেও জমির মালিকদের জায়গা ছাড়তে হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
সূত্র: ভোরের কাগজ