ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা না করার ঘোষণা, জরিমানার হুঁশিয়ারি

ময়মনসিংহের ফুলপুর বাজারে বিকেল ৫টার পর ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ফকির কমিটির সভাপতি আনোয়ার। এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন ফুলপুর থানার ওসি।
ময়মনসিংহের ফুলপুর বাজার এলাকায় বিকেল ৫টার পর ভিক্ষা করা যাবে না বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটি’র সভাপতি আনোয়ার। নিয়ম অমান্য করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়তে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সম্প্রতি তাঁর ঘোষণার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে মাইক হাতে বাজারের মানুষের উদ্দেশে কথা বলছেন এক ব্যক্তি। তিনি নিজেকে ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর বাজারে ভিক্ষা করা যাবে না।
আনোয়ারের বাড়ি নকলা এলাকায়। তাঁর ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ এটিকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে দেখেছেন, আবার কেউ স্থানীয় কমিটির জরিমানা বা কারাদণ্ড দেওয়ার আইনগত ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, এমন কোনো ঘোষণার বিষয়ে তিনি অবগত নন।
সূত্র: চ্যানেল আই অনলাইন